লালন সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়)
পঞ্চগড়ের দেবীগঞ্জে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। রাত ১২টা ১ মিনিটে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ খালি পায়ে প্রভাতফেরিতে অংশ নিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন।
পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান। এছাড়াও একাত্তরের মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, স্থানীয় প্রতিষ্ঠান এবং গণমাধ্যমের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গণি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে পুষ্পস্তবক অর্পণ করেন। তারা ভাষা, স্বাধীনতা ও মাতৃভাষার জন্য শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন।
উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল ও সাধারণ জনগণ মিলিতভাবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে একুশে ফেব্রুয়ারির তাৎপর্য উদযাপন করেন।এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মত্যাগের জন্য বিশেষ মোনাজাত করা হয়।এ সময় দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সামুয়েল সাংমা এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম. মনিরুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন পুলিশের একটি দল, ফায়ার সার্ভিসের একটি দল এবং আনসার বাহিনীর একটি দল।
মন্তব্য করুন