এমদাদুল হক মাসুম, ডোমার প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করেছে প্রশাসন। এ সময় এক অভিযুক্ত ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার হরিনচড়া ধরধরার পাড় এলাকার দেওনাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকার আব্দুর রহমানের ছেলে মো. ফারুখ (৩০) এবং ডিমলা উপজেলার ট্রাক্টরচালক অমল (২৮)-কে ১ লাখ টাকা জরিমানা করেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাইদ তন্বী। এসময় জরিমানা ঘোষণার পরই অভিযুক্ত ফারুখ ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়লেও কিছুক্ষণের মধ্যে আবার সুস্থ হয়ে ওঠেন। স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরেই প্রভাবশালী একটি চক্র দিনে এবং রাতের আঁধারে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদীর তীর ভেঙে পড়ে আশপাশের ফসলি জমি হুমকির মুখে পড়েছে। প্রশাসনের নজরদারি থাকলেও অনেক সময় তা এড়িয়ে এই চক্র সক্রিয় থাকে। দ্রুত এসব অবৈধ বালু উত্তোলন বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী। ডোমার নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাদের এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নদী ভাঙ্গনসহ ক্ষতি প্রতিরোধে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে এলাকাবাসীকেও সচেতন ও সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।
মন্তব্য করুন