লালন সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়)
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়ন ২নং ওয়ার্ড পাখড়ীতলা ডাকাইয়া পাড়া (সোনাপাতা) এলাকায় একটি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘরে ঢুকে প্রায় ৯০ হাজার থেকে ১ লাখ টাকার সোনাদানা ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে।
ভুক্তভোগী মোছাঃ পপি আক্তার জানান, ৫ এপ্রিল দিবাগত রাতে এ ঘটনা ঘটে। তার স্বামী শফিকুল ইসলাম প্রায় তিন মাস আগে মারা গেছেন। বর্তমানে তিনি দুই এতিম মেয়েকে নিয়ে কষ্টে সংসার চালাচ্ছেন এবং পাখড়ীতলা মোড়ে একটি ছোট মুদির দোকান পরিচালনা করেন।
ঘটনার রাতে পপি আক্তার তার অসুস্থ মাকে দেখতে দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে যান। সেই সুযোগে দুর্বৃত্তরা তার বসতঘরে প্রবেশ করে চুরি সংঘটিত করে।
পপি আক্তারের বড় মেয়ে সুমাইয়া আক্তার অনার্স শেষ বর্ষের ছাত্রী এবং ছোট মেয়ে রিপতি ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।
এই চুরির ঘটনায় স্বামীহারা পপি আক্তার ও তার পরিবার চরম বিপাকে পড়েছেন। হঠাৎ এমন ক্ষতির মুখে তারা দিশেহারা হয়ে পড়েছেন। স্থানীয়দের মধ্যেও এ ঘটনা নিয়ে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী পপি আক্তার জানান, গত তিন মাস আগে তিনি স্বামী হারিয়েছেন। সংসার চালানোর জন্য তিনি একটি মুদি দোকান পরিচালনা করছেন। তার ওপর এ ধরনের নির্মম অত্যাচার এবং চুরির ঘটনায় তিনি ভেঙে পড়েছেন। তিনি বলেন, দোকানের সব নগদ টাকা তিনি বাড়িতে রেখেছিলেন, সেটিও চোর নিয়ে গেছে। এখন তিনি দিশেহারা-কীভাবে সংসার চালাবেন, কীভাবে সন্তানদের মুখে দু’মুঠো ডাল-ভাত তুলে দেবেন এবং তাদের পড়ালেখার খরচ বহন করবেন, তা নিয়ে তিনি গভীর উদ্বেগে আছেন।
স্থানীয়দের মতে, বাড়িতে কেউ না থাকায় ফাঁকা বাড়িতে এ ধরনের ঘটনা ঘটে, যা সুপরিকল্পিত হতে পারে। পাশাপাশি এলাকায় মাদকের উৎপাতও বেড়ে গেছে। বিষয়গুলো প্রশাসনের নজরে আনা জরুরি।৬ এপ্রিল সকালে এ ঘটনার পর দেবীগঞ্জ থানা পুলিশ-এর একটি দল ওই বাড়ি পরিদর্শন করে এবং ভুক্তভোগীকে একটি অভিযোগ দায়ের করার পরামর্শ দেয়।পরবর্তীতে ভুক্তভোগী পপি আক্তার থানায় একটি অভিযোগ দায়ের করেন।
মন্তব্য করুন