সেলিম হোসেন রুবেল, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে আনন্দ-উচ্ছ্বাস ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানায় জেলার সর্বস্তরের মানুষ।সোমবার (১৪ এপ্রিল) সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আয়োজনে শুরু হয় নববর্ষের অনুষ্ঠান। জেলা প্রশাসনের উদ্যোগে সকালে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির নানা উপকরণ, মুখোশ, প্ল্যাকার্ড ও রঙিন ব্যানার স্থান পায়, যা পুরো আয়োজনকে করে তোলে প্রাণবন্ত ও আকর্ষণীয়।
পরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে বাংলা সংস্কৃতির নানা দিক তুলে ধরেন। অনুষ্ঠানটি উপভোগ করতে ভিড় করেন নানা শ্রেণি-পেশার মানুষ।
এ সময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা প্রসাশক আল মামুন মিয়া,জয়পুরহাট পুলিশ সুপার মিনা মাহমুদা,জেলা পরিষদের প্রসাশক মাসুদ রানা প্রধান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মি।
অনুষ্ঠানে বক্তরা বক্তব্য দিতে গিয়ে বলেন, পহেলা বৈশাখ বাঙালির সার্বজনীন উৎসব, যা সকল ভেদাভেদ ভুলে ঐক্যের বন্ধনে আবদ্ধ করে। এ ধরনের আয়োজন আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটবাসী আনন্দঘন পরিবেশে নতুন বাংলা বছরকে বরণ করে নেয়।
মন্তব্য করুন