লালন সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়)
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের মোল্লাপাড়া এলাকায় এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (৩ মার্চ) সকালে বিষয়টি জানাজানি হলে দেবীগঞ্জ থানা পুলিশ একটি দল পাঠিয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে।স্থানীয় সূত্রে জানা গেছে, মোবাইল ফোনের মাধ্যমে সোনাহার মল্লিকাদহ মোল্লাপাড়া এলাকার আমছের আলীর ছোট ছেলে মোঃ আলিম ইসলাম (২৭)-এর সঙ্গে নোয়াখালীর সোনাইমুড়ী এলাকার বাসিন্দা মোছাঃ রিংকি (২৩)-র পরিচয় হয়। পরবর্তীতে প্রবাসী আলামিনের সঙ্গে রিংকির সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা অনলাইনে বিয়ে করেন।
তবে এখনো প্রবাসী স্বামী আলিম এবং রিংকির সরাসরি দেখা হয়নি; তাদের সংসার জীবনে এখনও কোনো মিলন ঘটেনি। আলিম প্রায় দুই বছর ধরে মালয়েশিয়া আছেন, এবং তিনি বিদেশ যাওয়ার পরই রিংকি তার বাড়িতে আসেন।ঘটনার দিন রাতে প্রবাসী আলিমের সঙ্গে মোবাইলে কথা বলেন স্ত্রী রিংকি। কথোপকথনের একপর্যায়ে তিনি আত্মহত্যার হুমকি দেন বলে জানা গেছে। বিষয়টি আলিম স্থানীয় এক প্রতিবেশীকে জানান। পরদিন সকালে ঘরের ভেতর ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রিংকির লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের আগে রিংকির ঘরের দরজাটি ভেতর থেকে বন্ধ ছিল বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
গত আট মাস ধরে রিংকি তার প্রবাসী স্বামীর বাড়িতে বসবাস করছিলেন। শ্বশুর-শাশুড়ির সঙ্গে তার তেমন কোনো ঝগড়া-বিবাদ ছিল না। তবে তিনি প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলে প্রায়ই কথা বলতেন। একপর্যায়ে রিংকি তার প্রবাসী স্বামীকে সন্দেহ করতে শুরু করেন।স্থানীয়দের ভাষ্য, শ্বশুর-শাশুড়ি রিংকিকে খুবই আদর-যত্ন করতেন। তবুও কেন তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন, সে বিষয়ে কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না।দেবীগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর চন্দ্র সরকার জানান, লাশ উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনা বর্তমানে আইনগত প্রক্রিয়ার আওতায় রয়েছে।
মন্তব্য করুন