লালন সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়)
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী সমর্থক ও ভোটার কর্মীদের উদ্যোগে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে দেবীগঞ্জ পৌর শহরে এ মিছিলের আয়োজন করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, মিছিলে প্রায় ২০ থেকে ৩০ হাজার নারী ভোটার কর্মী অংশগ্রহণ করেন।
পঞ্চগড়-২ (বোদা–দেবীগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এবং ১১-দলীয় নির্বাচনী জোটের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ সফিউল আলম (সুফি)-এর সমর্থনে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল চলাকালে প্রার্থী সফিউল আলম গাড়ি চালিয়ে চারপাশ ঘুরে দেখেন।
মিছিলটি দেবীগঞ্জ পৌর শহরের নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে পুরাতন বাসস্ট্যান্ড, দেবীগঞ্জ বাজার এলএসডি মোড় এবং দেবীগঞ্জ চৌরাস্তা দিয়ে আবার নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।মিছিলে দেবীগঞ্জ উপজেলার বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করেন, যা স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। স্থানীয়দের মতে, দেবীগঞ্জে এ ধরনের বড় নারীদের মিছিল আগে কখনো দেখা যায়নি। অংশগ্রহণকারীরা “দাঁড়িপাল্লা” প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। মিছিল চলাকালে শৃঙ্খলা বজায় রাখতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। পাশাপাশি মিছিলের অগ্রভাগে নেতাকর্মীরা অবস্থান করতেন। মিছিলে পঞ্চগড়-২ আসনের জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আবুল বাশার বসুনিয়া সহ অন্যান্য নেতাকর্মীরা নেতৃত্ব দেন।
মিছিলে অংশগ্রহণকারী কুলসুম ও ফাতেমা বলেন, আমরা ইসলামের শাসন চাই বলেই জামায়াতে ইসলামীর পক্ষে আছি। দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ইসলামের পক্ষে থাকতে চাই এবং প্রার্থীকে বিজয়ী করতে চাই।
এদিকে মিছিল চলাকালে এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
মন্তব্য করুন