নিজস্ব প্রতিনিধি আতাউর রহমান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে আয়বর্ধনমূলক কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ছাগল এবং ক্ষুদ্র নৃ–গোষ্ঠীর সদস্যদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রবিবার (২১ জুন ২০২৬) সকাল ১০টায় দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুদান বিতরণ ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

অনুষ্ঠানে ৬০ জন উপকারভোগীর মাঝে ছাগল বিতরণ করা হয়। পাশাপাশি ক্ষুদ্র নৃ–গোষ্ঠীর সদস্যদের মাঝে ৩টি বাইসাইকেল ও ২টি সেলাই মেশিন প্রদান করা হয়। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করা হয়। এর মধ্যে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ১০ জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা, ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৬ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির ২ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে মোট ১৪ হাজার টাকা প্রদান করা হয়।প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দাম বৃদ্ধি ছাড়াই বাজেট, জনগণের জন্য স্বস্তির বার্তা।সরকারের লক্ষ্য হলো

সমাজের পিছিয়ে পড়া ও অসহায় জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলা। এ ধরনের আয়বর্ধনমূলক সহায়তা ও শিক্ষাবৃত্তি কর্মসূচি মানুষের জীবনমান উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আক্তার হোসেন, দেবীগঞ্জ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিমল চন্দ্র, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনী বসুনিয়া, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও উপকারভোগীরা।অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির নগদ অর্থ, ক্ষুদ্র নৃ–গোষ্ঠীর সদস্যদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন এবং অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়।
মন্তব্য করুন