নিজস্ব প্রতিবেদক আতাউর রহমান ,দেবীগঞ্জ, পঞ্চগড়:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার করতোয়া নদীর ভয়াবহ ভাঙনকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ ফরহাদ হোসেন আজাদ। পরিদর্শন শেষে তিনি নদীভাঙন প্রতিরোধে দ্রুত প্রতিরক্ষা কাজ শুরু করার নির্দেশ দেন এবং প্রকল্পের কাজের মান নিশ্চিত করতে স্থানীয় জনগণকে সক্রিয়ভাবে নজরদারির আহ্বান জানান।

শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টার দিকে প্রতিমন্ত্রী উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের লক্ষ্মীনারায়ণী এলাকা এবং দেবীডুবা ইউনিয়নের দাড়ারহাট তেলীপাড়া এলএলপি, দাড়ারহাট ডাক্তারপাড়া ও সোনাপোতা ঢাকাইয়াপাড়া এলাকায় সরেজমিনে নদীভাঙনের পরিস্থিতি পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জানান, করতোয়া নদীর ভাঙন প্রতিরোধে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে একটি উন্নয়ন প্রকল্পের (ডিপিপি) টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই দাড়ারহাট ও তেলীপাড়া এলাকায় নদী প্রতিরক্ষা কাজ শুরু হবে বলে তিনি আশ্বাস দেন।

স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন,এই প্রকল্প জনগণের অর্থায়নে বাস্তবায়িত হবে। তাই কাজের মান ঠিকভাবে বুঝে নেবেন এবং সবাই মিলে তদারকি করবেন। কোনো অবস্থাতেই প্রকল্প এলাকার আশপাশ থেকে বালু উত্তোলন করে কাজ করা যাবে না। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

এ সময় করতোয়া নদীতে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে স্থানীয় প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধ করা না গেলে নদীভাঙন আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণ কমল সরকার, পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা, পানি উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, এলাকাবাসী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
স্থানীয়দের আশা, দ্রুত প্রতিরক্ষা কাজ শুরু হলে করতোয়া নদীর অব্যাহত ভাঙন থেকে বসতভিটা, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা পাবে এবং দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।
মন্তব্য করুন