নিজস্ব প্রতিবেদক আতাউর রহমান।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়ের বিরুদ্ধে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বিল প্রদানের ক্ষেত্রে ১৫ শতাংশ কমিশন আদায়ের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের হাতে পৌঁছানোর পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা–সমালোচনার সৃষ্টি হয়েছে।
প্রায় পাঁচ মিনিটের ওই ভিডিওতে কয়েকজন প্রকল্প সভাপতি ও ইউপি সদস্যের সঙ্গে কমিশনের অর্থ নিয়ে দেনদরবার করতে দেখা যায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে। ভিডিওতে তাকে ক্যালকুলেটরের সাহায্যে বিভিন্ন প্রকল্পের বরাদ্দের অর্থ হিসাব করে ১৫ শতাংশ কমিশনের পরিমাণ নির্ধারণ করতে দেখা যায়।
ভিডিওতে পিআইওকে বলতে শোনা যায়, “মেম্বার সাহেব, আপনার ৮ টন গম না, ৪০ করে। তাহলে ৩২ ইন্টু ৮, ২ লাখ ৫৬ হাজার। এর ১৫ পারসেন্ট দিলে ৩৮ হাজার টাকা আসে।”
এক পর্যায়ে তিনি বলেন, “মেম্বারদের কোনোদিন লাভ হয় না। কোনো মেম্বার কখনো আমাকে বলেনি যে তার লাভ হয়েছে। আমি এতদিন পিআইও হিসেবে দায়িত্ব পালন করছি, কেউ এমন কথা বলেনি।”
ভিডিওতে আরও দেখা যায়, বিভিন্ন প্রকল্পের বরাদ্দের অর্থ ক্যালকুলেটরে হিসাব করে কমিশনের টাকা নির্ধারণ করা হচ্ছে। এক পর্যায়ে তাকে বলতে শোনা যায়, ১ লাখ ৬২ হাজারের ১৫ শতাংশ ২৪ হাজার টাকা। শুনেন, আপনাকে আগে পরিষদে আসতে দেয়নি, এরপর থেকে আপনাদেরও আসতে দেওয়া হবে না শোধবোধ।”
ভিডিওতে এ ধরনের একাধিক প্রকল্পের অর্থ নিয়ে কমিশনের হিসাব করতে দেখা যাওয়ায় বিষয়টি নিয়ে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায় কোনো মন্তব্য করতে রাজি হননি।এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। আমি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করব। পাশাপাশি স্থানীয়ভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপের দিকে এখন তাকিয়ে রয়েছে স্থানীয় জনগণ।
মন্তব্য করুন