সোহরাব বরগুনা জেলা প্রতিনিধি।
বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদ ও স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় আয়োজিত এ সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
সভায় গ্রাম আদালতের কার্যক্রম, সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও সহজে ন্যায়বিচার পৌঁছে দেওয়া, স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি এবং গ্রাম আদালতের প্রতি জনগণের আস্থা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সাদিয়া আক্তার সুমী বলেন গ্রাম আদালত সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব।
সভায় বক্তারা বলেন, ছোটখাটো বিরোধ স্থানীয় পর্যায়ে দ্রুত নিষ্পত্তি হলে সাধারণ মানুষের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে। একই সঙ্গে আদালতে মামলার চাপও কমবে।
সভায় গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর করতে স্থানীয় জনগণকে সচেতন করা এবং জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য করুন