সোহরাব বরগুনা:
সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ—বিআরটিএ ট্রাস্ট বোর্ড। বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারের মাঝে মোট ৪৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেলা প্রশাসন ও বিআরটিএ বরগুনার যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘পায়রা’ সম্মেলন কক্ষে এ চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার।
চেক হাতে পেয়ে স্বজন হারানো ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা কিছুটা স্বস্তি প্রকাশ করেন। তাদের অনেকের কাছেই এই সহায়তা হয়ে উঠেছে কঠিন সময়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর একটি আশার আলো।
জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন সড়ক দুর্ঘটনা একটি পরিবারের স্বাভাবিক জীবনকে মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। তবে আর্থিক সহায়তার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দুর্ঘটনা প্রতিরোধ করা। এজন্য চালকদের দায়িত্বশীল হতে হবে, পথচারীদেরও সড়ক ব্যবহারে সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, “আইন মেনে গাড়ি চালানো, অতিরিক্ত গতি পরিহার এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা গেলে দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, পথচারী ও যাত্রী—সবার সচেতনতা জরুরি। পাশাপাশি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকারের এমন মানবিক সহায়তা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও বিআরটিএর কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন