বরগুনা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে বরগুনার পাথরঘাটা উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ০১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ, পাথরঘাটা উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তাছলিমা আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার বরগুনা জনাব কুদরত-ই-খুদা পিপিএম-সেবা। সভাপতিত্ব করেন ইশরাত জাহান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা পাথরঘাটা। এছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় ভোটগ্রহণ কার্যক্রমের আইনগত কাঠামো, দায়িত্ব ও কর্তব্য, নির্বাচনকালীন আচরণবিধি, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। বক্তারা ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। প্রশিক্ষণ কর্মশালাটি ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি ও নির্বাচন কার্যক্রম সফলভাবে সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করুন