বরগুনা প্রতিনিধি:
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ইং বরগুনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার বেতাগী উপজেলায় অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা ২০২৬ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন নিশ্চিত করতে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। এ সময় বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে তিনি কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয়, করুনা মোকামিয়া কামিল মাদ্রাসা এবং বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের হলরুম ঘুরে দেখেন এবং পরীক্ষার সার্বিক পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনরা উপস্থিত ছিলেন। বিশেষভাবে, বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তার জন্য ‘সিক বেডে’ পরীক্ষার ব্যবস্থা করা হয়। এ বিষয়ে জেলা প্রশাসক সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন এবং পরীক্ষার্থীর মানবিক সহায়তা নিশ্চিত করতে বলেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসক কেন্দ্র সচিব, হল সুপার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় করেন। তিনি সরকারি নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করে পরীক্ষা কার্যক্রম পরিচালনার ওপর জোর দেন।
মন্তব্য করুন