সোহরাব বরগুনা প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার প্রথম দিনে বরগুনা জেলায় শারীরিক মাপ গ্রহণ ও কাগজপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সকাল থেকে বরগুনা জেলা পুলিশ লাইন্স মাঠে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা। নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্যদের উপস্থিতিতে প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই এবং প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হয়। এ সময় পুলিশ সুপার প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সতর্ক করে বলেন, নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের আর্থিক লেনদেনে জড়ানো যাবে না এবং দালাল চক্র থেকে দূরে থাকার জন্য সকলকে সচেতন থাকতে হবে। তিনি আরও জানান, দেশের অন্যান্য জেলার মতো বরগুনাতেও শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করে শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। এ লক্ষ্যে নিয়োগ বোর্ডের সকল সদস্যের প্রতি আস্থা রাখার আহ্বান জানান তিনি। নিয়োগ কার্যক্রম চলাকালে বোর্ডের প্রতিনিধিসহ বরগুনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পুরো প্রক্রিয়াটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে সম্পন্ন হয়েছে।
মন্তব্য করুন