
নিজস্ব প্রতিবেদক, দেবীগঞ্জ, পঞ্চগড়
পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক, সন্ত্রাস, চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমন এবং অবৈধ বালু উত্তোলন ও বালুর ডাম্পিং নিয়ে আলোচনা হয়েছে।বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা।সভায় বীর মুক্তিযোদ্ধা এ কে ভূঁইয়া, ভারপ্রাপ্ত আরএমও ডা. বিমল চন্দ্র রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আক্তারুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শুরা সদস্য মো. বেলাল হোসাইনসহ জনপ্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার বিভিন্ন স্থানে বালুর ডাম্পিং ও অবৈধ বালুমহাল নিয়ে কয়েকজন চেয়ারম্যান ও সাংবাদিক কথা বলেন। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হয়।মাদক প্রসঙ্গে ইউএনও ইন্দ্রজীত সাহা বলেন, মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অনেক ক্ষেত্রে তাঁরা কয়েক দিনের মধ্যে জামিন বা আইনি প্রক্রিয়ায় মুক্ত হয়ে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ছেন।
তিনি মাদকবিরোধী অভিযানে প্রশাসনকে সহযোগিতা করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন।সভায় বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি জনগণেরও ভূমিকা রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন